
দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গও টেনে এনেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘দুই মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এ ক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’
মেঘনা আলমের এমন মন্তব্যের পেছনে রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাম্প্রতিক একটি ফেসবুক স্ট্যাটাস। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছিলেন এনসিপির এই নেতা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’
আসিফ মাহমুদের এই মন্তব্যের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে নিজের অবস্থান তুলে ধরলেন মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
আরটিভি/এসকে


