
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে একজন ‘সাইকোপ্যাথ’ চরিত্রের মানুষ আখ্যা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার মতে, শেখ হাসিনা নিজে গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন এবং ভারতে বসে লাশের জন্য অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন সব মন্তব্য করেন সোহেল তাজ।
শেখ হাসিনাকে কটাক্ষ করে নিজের পোস্টে তিনি লিখেন, উনি এখন লাশের অপেক্ষায় আছেন।
এরপরই সোহেল তাজ লিখেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন।
তিনি লিখেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে শেখ হাসিনা দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেন, উনি সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ—তিনি চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।
সবশেষে সোহেল তাজ লিখেন, এটাই হচ্ছে একজন “psychopath” (সাইকোপ্যাথ)-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।
আরটিভি/এসএইচএম




