
নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জি-ফাইভের মতো অনলাইন স্ট্রিমিং সাইটগুলোর দেশীয় এজেন্ট নেই। ফলে গ্রাহক বিলের বিপরীতে ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। এজন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে ব্যবস্থা নিতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট গোয়েন্দা মহাপরিচালক বলেন, ফাঁকি রোধে বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসির সঙ্গে একযোগে কাজ করছে তারা।
দেশে নেটফ্লিক্সের সর্বনিম্ন গ্রাহক ফি মাসে ৮ মার্কিন ডলার বা প্রায় ৬৮০ টাকা। আইন অনুযায়ী এর ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে রাখলে গ্রাহকের খরচ বাড়তো আরও ১০২ টাকা। কিন্তু দীর্ঘদিন ধরে ভ্যাট ছাড়াই অনলাইনের এই সেবা নিচ্ছেন গ্রাহকরা।
নেটফ্লিক্সের মতো অ্যামাজন প্রাইম, জি-ফাইভের মতো বেশিরভাগ অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিয়েই এদেশে ব্যবসা করছে। এজন্য চলতি বছরের ১১ই জুন বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে ব্যবস্থা নিতে বলেছে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তাদের চিঠি দিয়েছি আমরা শিগগির আপডেট জানবো এর মধ্যে কত টাকা কাটা হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে যে লেনদেনগুলো হচ্ছে এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ আমরা ট্র্যাক করতে পারছি না এবং সেখান থেকে কোনো টাকা পাচ্ছি না। বিদেশি কার্ডগুলোকে কিভাবে আমাদের নজরদারিতে আনতে পারি সে জন্য আমরা বিটিআরসির এবং বাংলাদেশ ব্যাংকের বলছি খুব শিগগির আমরা একটা সমাধান বের করতে পারবো।
ড. মইনুল খান আরও বলেন, সকল প্লাটফর্ম জেনো স্থানীয় এজেন্ট নিয়োগ করে এবং এজেন্টের মাধ্যমে কিভাবে কোথায় কত টাকা কাটা হলো এবং কিভাবে পেমেন্ট করা হলো সেটা আমরা ট্র্যাক করতে পারবো।
দেশি ব্যাংকের কার্ডের মাধ্যমে যারা ফি দিচ্ছেন, তাদের কাছ থেকে ভ্যাট কেটে রাখা সম্ভব। কিন্তু যারা আন্তর্জাতিক কার্ড ব্যবহার করছেন তাদের কাছ থেকে ভ্যাট কাটা সম্ভব হবে না বলে জানান তিনি। ভ্যাট ফাঁকি রোধে সব অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানকে এদেশে এজেন্ট নিয়োগ বাধ্যতামূলক করার উপর জোড় দেন তিনি।
এ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। তার আবেদনের ভিত্তিতে আদালত বিটিআরসির কাছে জানতে চেয়েছেন, কিভাবে এসব বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম থেকে রাজস্ব আদায় করা যায়।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ জানান, রেগুলেসন না থাকার কারণে আমাদের দেশীয় যে প্লাটফর্ম এবং বিদেশি যে প্লাটফর্ম থেকে সরকারি যে রেভিনিউ আসছে সরকার সেখান থেকে বঞ্চিত হচ্ছে এর জন্য সুনির্দিষ্ট রেগুলেসন আমাদের প্রয়োজন।
তিনি বলেন, নেটফ্লিক্স আমাদের দেশ থেকে ১৮০ কোটি টাকা নিয়ে যাচ্ছে, এটা বিটিআরসির তথ্য অনুযায়ী। শিগগির এর উপর শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।
এনএম/ এমকে




