টাঙ্গাইলে চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এ বছর ২ লাখ ৩৩ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা কৃষি অফিসের। তবে সঠিক দাম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর এ জেলায় আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮৬ হাজার ৯০৬ হেক্টর। তবে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৩৪৬ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে ধান। অনুকূল আবহাওয়া আর কৃষি বিভাগের সহায়তায় ধানের বাম্পার ফলন হয়েছে বলে মনে করেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
সরেজমিন টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, আমন ধানে ধানে ভরে গেছে টাঙ্গাইলের ফসলের মাঠ। যতদূর চোখ যায় মাঠ জুড়ে শুধু সোনালি ধান। চাষিরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই ও নতুন ধান বাজারে তোলার কাজে।
তবে কৃষকরা ধানের দাম নিয়ে সন্তুষ্ট নন। তাদের অভিযোগ সরকার ধানের দাম মণ প্রতি এক হাজার ৪০ টাকা নির্ধারণ করলেও বাজারে পাচ্ছেন ৮০০ থেকে ৮৫০ টাকা।
তাই তাদের দাবি সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনাসহ ন্যায্য দাম নিশ্চিতের দাবি জানান তারা।
এজে




