লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতা ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি চিকিৎসক সংকট ও নানা অব্যবস্থাপনার কারণে বেশিরভাগ সময় বন্ধ থাকে। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দহগ্রাম-আঙ্গোরপোতাবাসী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১১ সালে ১৯ অক্টোবর দহগ্রাম সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দহগ্রামবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১০ শয্যার এই হাসপাতাল উপহার দেন। সেই থেকে সরকারি কাগজ কলমে হাসপাতালটিতে সেবা দেওয়া হলেও বাস্তবতা ভিন্ন। এখন হাসপাতালটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে।
কাগজে-কলমে হাসপাতালটিতে ২ জন মেডিকেল অফিসার, ২ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ১৭ জন স্টাফ থাকলেও, মাত্র ২ থেকে ৩ জন ছাড়া সকলেই অনুপস্থিত থাকেন।
স্থানীয়রা জানান, হাসপাতালটিতে আধুনিক অবকাঠামো থাকলেও চিকিৎসক সংকট আর নানা অব্যবস্থাপনায় হাসপাতালটির এখন বেহাল দশা। নিয়মিত বেতনভুক্ত ডাক্তার ও নার্স থাকলেও, বেশিরভাগ সময়ই তারা থাকেন অনুপস্থিত থাকেন। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
তারা আরও জানান, অসুস্থ হলে তাদের পাটগ্রাম, লালমনিরহাট অথবা রংপুরে চিকিৎসা নেয়ার জন্য যেতে হয়। এতে তারা নানা ভোগান্তির মধ্যে পড়েন। তাদের দাবি প্রধানমন্ত্রীর দেওয়া হাসপাতালটিতে যেন নিয়মিত চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে মেডিকেল অফিসার ও স্টাফদের নিয়মিত উপস্থিতিসহ ইনডোর সার্ভিস চালুর দাবী জানান স্থানীয়রা।
এ বিষয়ে সিভিল সার্জন বলেন, হাসপাতালে অনুপস্থিত থাকা চিকিৎসক ও স্টাফদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এজে




