
প্যার্ক দে প্রিন্সেসে নেইমারদের প্রতিপক্ষ ছিল ইস্তাম্বুল বাসাকসেহির। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচটি মাঠে গড়িয়েছিল ঠিকই। তবে ২৩ মিনিটে দুই পক্ষই মাঠ থেকে বিদায় নেয়।
মঙ্গলবার প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ঘরের মাঠে ম্যাচটি রীতি অনুযায়ী শুরু হয়। প্রথম থেকেই গোলের চেষ্টা চালাতে থাকে দুই পক্ষ।
ম্যাচের ১৩ মিনিটের মাথায় মাঠের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ দেখা যায় ইস্তাম্বুলের ডাগ আউটে। এরপর তুরস্কের দলটির সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দেখানো হয়।
এমন সময় দলটির হয়ে খেলা সেনেগাল জাতীয় দলের স্ট্রাইকার ডেম্বাবা অভিযোগ করেন ফোর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্বরত সেবাস্তিায়ান কলতেসকু, ওয়েবোকে ‘নিগরো’ বলেছেন। এতেই সাইডলাইনের সামনে রোমানিয়ান এই রেফারির দিকে তেড়েও যেতে দেখা যায় চেলসি-নিউক্যাসেলের হয়ে খেলা এই তারকাকে।
এমন অভিযোগের ভিত্তিতে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ ছিল। এরপর দুই দলই মাঠ থেকে বিদায় নেয়।
উয়েফা এক বিবৃতিতে জানায়, ‘ফোর্থ অফিসিয়ালের বিরুদ্ধে অভিযোগের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। দুই দলের সঙ্গে আলোচনা করে বুধবার নতুন ফোর্থ অফিসিয়াল নিয়ে ম্যাচটি পুনরায় মাঠে গড়াবে। বিষয়টি নিয়ে তদন্ত করে সিদ্ধান্ত জানানো হবে।’
বিষয়টি নিয়ে টু্ইট পোস্ট করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান, ‘আমরা নিঃশর্তভাবে খেলাধুলাসহ সব ক্ষেত্রে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে।’
বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে আবারও মুখোমুখি হবে দল দুটি।
ওয়াই/পি




