
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের।
উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট।
উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট।
প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও।
আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে।
এমআর/




