
কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার। সেই শোক কাটিয়ে উঠার আগে এবার দলটির সাবেক কোচ আলেসান্দ্রো সাবেয়া মারা গেলেন। ৬৬ বছর বয়সী অভিজ্ঞ এই কোচ দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।
আর্জেন্টাইন গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার রাজধানী বুয়েনস আইরেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেয়া।
১৯৫৪ সালে জন্ম নেয়া সাবেয়া ১৯৭৪ সালে রিভার প্লেটের হয়ে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ও লিডস ইউনাইটেডের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই মিডফিল্ডারের। আশির দশকে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন তিনি।
২০১১ থেকে ২০১৪ পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন সাবেয়া। লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে।
২০১১ সালে মেসি-ডি মারিয়াদের সঙ্গে বাংলাদেশেও এসেছিলেন সাবেয়া। সেবার ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা দল। মৃত্যুর সংবাদ শুনে নিজ ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি লিখেছেন, ‘আপনার সান্নিধ্য পেয়ে পূর্ণতা পেয়েছি, আলেজান্দ্রো ছিলেন একজন অসাধারণ ব্যক্তি, তার মতো পেশাদার ব্যক্তিত্ব আমার ক্যারিয়ারকে বর্ণিল করেছে। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বিশ্বকাপ বাছাই ও মূল পর্বে অনেক স্মৃতি রয়েছে আমাদের। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’
ওয়াই/পি




