
ক্রিশ্চিয়ানো রোনালদো-রোমেলু লুকাকুদের সঙ্গে পাল্লা দিয়ে সিরি’ আর সেরা গোলদাতা হিসেবে লড়াই করছেন ৩৯ বছর বয়সী জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের এই ফরোয়ার্ড খেলে যেতে চান লম্বা সময়ের জন্য।
দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে সাতটি দেশের টপ ডিভিশন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ইব্রাহিমোভিচের।
ইতালিয়ান লিগে জুভেন্টাস, ইন্টার মিলানের হয়ে খেলার পর দ্বিতীয় মেয়াদে খেলছেন এসি মিলানে।
প্রথমবার যখন মিলানের জার্সিতে নেমেছিলেন তখন কিংবদন্তি পাওলো মালদিনির সঙ্গে একই দলে খেলা হয়নি ইব্রার। কারণ তার কিছুদিন আগেই অবসর নিয়েছিলেন এই ইতালিয়ান ডিফেন্ডার। যদিও তার প্রতিপক্ষ হিসেবে একাধিক বার মাঠে নেমেছেন।
বর্তমানে পাওলোর ছেলে ড্যানিয়েলের সঙ্গে একই দলের হয়ে খেলছেন ইব্রাহিমোভিচ। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের সন্তানের সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন জ্লাতান।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে আছি। পাওলো মালদিনির বিপক্ষে খেলেছি। বর্তমানে তার ছেলে ড্যানিয়েলের সঙ্গে খেলছি। আশা করি ড্যানিয়েলের ছেলের সঙ্গেও খেলবো। সেটাই হবে অলৌকিক ঘটনা।’
তার এজেন্ট মিনো রাইওলা দাবি করেছিলেন ৫০ বছর বয়সেও খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।
ইব্রার মতে, ‘আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি কখনও গোল নিয়ে ভাবিনি। শুধু এগিয়ে যেতে চাই। আমি পাঁচ-দশ বছর আগে যেমন ছিলাম, এখন তেমন নেই। শারীরিক গঠন অনুযায়ী আমাদের সবারই পরিবর্তন হয়।’
দিনের পর দিন খেলার কৌশল পরিবর্তন করছেন বলে দাবি করেছেন তিনি।
‘সত্যি কথা বলতে আমি আগের মতো দৌড়াই না। আমি মাথা খাটাই। আমি আগেও বলেছি স্ট্রাইকারদের জন্য সবচেয়ে কঠিন জায়গা ইতালিয়ান লিগ। কৌশল ও দর্শনের দিক দিয়ে ইতালিতে গোল করা সহজ নয়।’
ওয়াই




