
ব্যালন ডি অ’র অলটাইম ড্রিম টিমে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি পেলে-ম্যারাডোনা থেকে হালের মেসি-রোনালদোর মতো মহাতারকারা। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আগেই জানিয়ে দেয়, করোনা অতিমারীর কারণে এবার দেয়া হবে না ব্যালন ডি’অর পুরস্কার। যদিও ফুটবল প্রেমীদের জন্য অলটাইম ড্রিম টিম ঘোষণার সিদ্ধান্ত নেয় তারা। এরই ধারাবাহিকতায় সর্বকালের সেরা একাদশ ঘোষণা করা হলো।
৩-৪-৩ ফরমেশনের এই একাদশে ব্রাজিল থেকে সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন। আর্জেন্টিনা, জার্মানির দুইজন রয়েছেন এই দলটিতে। একজন করে রয়েছেন ইতালি, স্পেন, পর্তুগাল ও সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া)।
ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষের দেয়া মনোনয়ন অনুযায়ী বিশ্বের নানা প্রান্তে থাকা ১৪০ জন সাংবাদিকদের ভোটে নির্ধারণ করা হয় স্বপ্নের এই একাদশ।
সর্বকালের সেরা এই একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন লেভ ইয়াসিন। একমাত্র গোলরক্ষক ব্যালন ডি’অর পুরষ্কার জিতেছিলেন তিনিই। ১৯৬৩ সালে ব্যালন ডি’ অর জয়ী ১৯৫৪ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের জার্সিতে খেলেছেন।
জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ব্রাজিলের কাফু ও ইতালির পাওলো মালদিনি সামলাবেন রক্ষণভাগ।

মাঝ মাঠে জার্মানির লুকার ম্যাথুজ, স্পেনের জাভি হার্নান্দেজের সঙ্গী ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা। ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করবেন ম্যাথুজ-জাভি। অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছেন পেলে-ম্যারাডোনা ।
আক্রমণভাগের দায়িত্বে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলের রোনালদো ডি লিমা। রাইট উইংয়ে মেসি, লেফটে উইংয়ে ক্রিশ্চিয়ানো আর স্ট্রাইকার হিসেবে থাকছেন ডি লিমা।
এক নজরে ব্যালন ডি অ’র অলটাইম ড্রিম টিম
গোলরক্ষক
লেভ ইয়াসিন (সোভিয়েত ইউনিয়ন)
রক্ষণভাগ
কাফু (ব্রাজিল), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), পাওলো মালদিনি (ইতালি)
মধ্যমাঠ
ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), লুথার ম্যাথিউজ (জার্মানি), জাভি (স্পেন), পেলে (ব্রাজিল)
আক্রমণভাগ
লিওনেল মেসি (আর্জেন্টিনা), রোনালদো ডি লিমা (ব্রাজিল), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
ওয়াই




