
কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পুরো দল যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখনই অসুস্থ হন। কোভিড-নাইনটিনে টেস্ট করানো পর ফল পজিটিভ আসে। এর পর থেকে কাতারেই অবস্থান করছিলেন তিনি। অবশেষে সুখবর দিলেন জামাল। শনিবার রাতে করোনা নেগেটিভ এসেছে তার।
রোববার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে দেশের ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই দেশে ফিরছেন এই তারকা মিডফিল্ডার।
কাতারের বিপক্ষে খেলতে যাওয়ার আগেই কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলেন জামাল। লক্ষ্য ২০২০-২১ মৌসুমে ঐতিহ্যবাহী দলটির জার্সিতে আই-লিগ মাতানো। যদিও করোনা পজেটিভ হওয়ার কারণে গুঞ্জন উঠেছিল এশিয়ান কোটায় বাংলাদেশ দলপতির বদলে অন্য ফুটবলার খুঁজছে তারা। তবে কলকাতার ক্লাবটির সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম জানিয়েছেন, আসন্ন লিগে জামালেই আস্থা রয়েছে তাদের।
কলকাতা মোহামেডানের এই কর্মকর্তা আরটিভি নিউজকে বলেন, কাল রাতে জামালের সঙ্গে কথা হয়েছে। সুসংবাদ পেয়েছি। তিনি জানিয়েছেন দোহা থেকে ঢাকা ফিরতে হবে তাকে। এরপরই কলকাতার ফ্লাইট ধরবেন।’
আই লিগে দলে রাখা হবে না জামালকে এমন গুঞ্জন নিয়ে জানতে চাইলে ওয়াসিম বলেন, ‘আমরা কেউ বলিনি তিনি খেলতে পারবেন না। আমাদের প্রথম খেলা ১৯ জানুয়ারি। এখনও হাতে অনেক সময় আছে। কোভিড যে কারও দেহে হানা আনতে পারে। প্রথম কয়েকটা ম্যাচ মিস হলেও হতে পারে জামালের। তবে লম্বা সময়ের টুর্নামেন্ট। আশাকরি তাকে আমরা আগামী সপ্তাহের মধ্যেই দলের সঙ্গে পাবো।’
ওয়াই




