
দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার আইচ মোল্লা। ঘরের মাঠে আফগানিস্তান অ-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিল একটি শত রানের ইনিংস। এবার শ্রীলঙ্কা সফরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও খেললেন ৮৮ (৯৩) রানের ইনিংস।
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রস্তুতি অংশ হিসেবে লঙ্কা সফর করছে। শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি।
যদিও প্রথম ম্যাচেই লঙ্কান যুবাদের কাছে হেরে গেছে টাইগার যুবারা। শ্রীলঙ্কার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ধুঁকতে হয়েছে বাংলাদেশকে।
ওপেনার মাহফিজুল হক ৯ রানে সাজঘরে ফেরার পর ইফতেখার হোসেন ফেরেন ১৬ রান করে। এরপর প্রান্তিক নাবিল হতাশ করেন রানের খাতা না খুলেই সাজঘরে ফেরে।
দলের অধিনায়ক মেহরব হোসেনও খুলতে পারেননি রানের খাতা। দলীয় ৩৫ রানেই যখন ৪ উইকেট নেই টাইগার যুবাদের, তখন আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান আইচ মোল্লা।
দলীয় ১০৫ রানের মাথায় আরিফুল ৩৮ (৬৭) রান করে ফিরলে বাকি ব্যাটাররা মেতে ওঠেন আসা-যাওয়ার মিছিলে। আইচ একাই টেনে নেন শেষ পর্যন্ত। তবে যোগ্য সঙ্গীর কারণে জয়ের অনেকটা কাছে গিয়েও জেতাতে পারেননি দলকে।
৪৬.২ ওভারের মাথায় আইচের ৮৬ (৯৩) রানে বিদায়ের মাধ্যমে ১৮৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট নেন ত্রিবিন ম্যাথিউস, ২ উইকেট নেন শেবন ড্যানিয়েল ও একটি করে উইকেট নেন চামিন্ডু বিক্রমাসিংহে, দুনিথ ওয়েল্লাগে এবং মাথেসা পাথিরানা।
এর আগে সকালে রঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে ৩২ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।
এরপর পাবান পাথিরাজার ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তার ব্যাটে আসে ৮৮ বলে ৬৭ রান। এ ছাড়া সাদিশা রাজাপাকসের ২৮, রাবিন ডি সিলভার ২৯ ও শেষ দিকে ইশুরু রদ্রিগোর ২৫ রানে ৯ উইকেটে ২২৮ রান তোলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের পক্ষে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। ২ উইকেট নেন আশিকুর জামান ও ১ উইকেট করে নেন গোলাম কিবরিয়া, মেহরব, নাইমুর রহমান এবং আরিফুল ইসলাম।
এমআর/টিআই




