
প্রথমে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। দুটি আসরের জন্য একবারেই দেশ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপ খেলার পর যুব বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগার যুবারা। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যুব এশিয়া কাপ খেলে নতুন বছরের প্রথম দিন রওয়ানা করবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে।
যুবা টাইগাররা বিশ্বকাপ জিতলেও জিততে পারেনি এশিয়া কাপ। ২০১৯ সালে ভারতের কাছে হেরে যায় ফাইনালে। সে হারের শোধ নেওয়া হয়েছে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্ব আসরে।
এবার বিশ্বকাপের সময় দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক রাকিবুল হাসানের কণ্ঠে কিছুটা আক্ষেপ ঝরল প্রস্তুতি নিয়ে। করোনার কারণে প্রস্তুতিতে ঘাটতির কথা জানান অধিনায়ক।
“গতবার আমরা যখন গিয়েছিলাম তখন ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি। খেলোয়াড় হিসেবে আমি নতুন ছিলাম, এবার পুরোনো। গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটাই দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করছি। আর আমাদের দলটাও ভালো আছে, আশা করি আমরা ভালো করব।”
রকিবুল আরও বলেছেন, “গতবার তো এরকম কোভিড পরিস্থিতি ছিল না। কভিড পরিস্থিতির কারণে আমরা যেমন এবার প্রস্তুতি নিতে পারিনি, তেমনি বাকি দলগুলোও পারেনি। গত ২-৩ মাসে আমরা কয়েকটি সিরিজ খেলেছি, আমি মনে করি এটাও খারাপ না। আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে এবং এশিয়া কাপের আগে যে ক্যাম্পটা করেছি, সেটাও ভালো হয়েছে।”
গত বিশ্বকাপের দলে থাকা রাকিবুল হাসানের সঙ্গে এবারও থাকছেন তানজিম হাসান। এ ছাড়া দলে রাখা হয়েছে নওরোজ প্রান্তিক নাবিল ও মেহরোব হোসেনকে। দুজন গতবার দলে থাকলেও খেলেননি ম্যাচ।
এম/এসকে




