
গ্রুপ পর্বের খেলা শেষের দিকে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি গ্রুপ-২ থেকে কোন দুটি দল খেলবে সেমি-ফাইনালে। এই গ্রুপ থেকে পাকিস্তান আগেই সেমির টিকিট কেটে ফেললেও লড়াই চলছে নিউজিল্যান্ড, ভারত আর আফগানিস্তানের মধ্যে।
কিউইরা চার ম্যাচে ৩ জয়ে রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। প্রথম দুই ম্যাচে হেরে ভারত ঘুরে দাঁড়িয়েছে দুই ম্যাচ জিতে। এদিকে আফগানরাও কম যায়নি, আছে চার ম্যাচে দুটি জয়।
শুক্রবার দিনের প্রথম খেলায় নিউজিল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচটা জমিয়ে দেয় নামিবিয়ার বোলাররা। একের পর এক উইকেট যাওয়ায় বিধ্বস্ত কিউইদের ঢাল হয়ে দাঁড়ান গ্লেন ফিলিপস ও জেমি নিশাম। ফিলিপসের ২১ বলে ৩৯ আর নিশামের ২৩ বলে ৩৫ রানের ইনিংসে ৪ উইকেটে ১৬৩ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়ে দেয় নামিবিয়ার সামনে।

বড় লক্ষ্য পেয়ে খেই হারানো নামিবিয়া শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১১ রানে শেষ করে ইনিংস। ৫২ রানের জয়ে সেমির দৌড়ে টিকে রইল কিউইরা।
অন্যদিকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচ ছিল ভারতের। আফগানিস্তানকে ৭.১ ওভারের ভেতর ম্যাচ জিতে নিলে আফগানিস্তানকে পেছনে ফেলার সমীকরণ নিয়ে মাঠে নামে ভারত।
টস জিতে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানান বিরাট কোহলি। ব্যাট করতে নেমে স্কটিশরা অল-আউট হয়ে যায় মাত্র ৮৫ রানে (১৭.৪ ওভার)। ভারতের পক্ষে ৩ উইকেট করে নেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। ২ উইকেট নেন জসপ্রিত বুমরাহ।

জবাবে ব্যাট করতে নেমে ভারত জয় তুলে নেয় মাত্র ৬.৩ ওভারে। ওপেনার লোকেশ রাহুল করেন ১৯ বলে ৫০ রান। রোহিত শর্মার ব্যাটে আসে ১৬ বলে ৩০ রান।
৮ উইকেটের জয়ে তিনে থাকা আফগানিস্তানকে পেছনে ফেলে ভারত জমিয়ে দিয়েছে গ্রুপ-২ এর লড়াই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হবে শক্তিশালী আফগানিস্তানের। ভারত মুখোমুখি হবে নামিবিয়ার। সেমির টিকিট নিশ্চিতে নেট রান রেট এখন মুখ্য তিন দলের জন্য।
এমআর/




