
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি, ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মূলত তারা দু’জনই ছাড়িয়ে গেলেন ৭৫৭ গোলের রেকর্ডকে।
চলতি বছরেই পেলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন রোনালদো। যার গোল সংখ্যা এখন ৮০১টি। আর মঙ্গলবার রাতে ব্রাজিলিয়ান ফুটবল সম্রাটকে দুই থেকে তিনে নামিয়ে দিয়েছেন মেসি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জোড়া গোল করে ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন সুপারস্টার।
ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচটি শুরুর আগে মেসির গোল ছিল ৭৫৬টি। যা পেলের চেয়ে একটি কম। সতীর্থ কাইলিয়ান এমবাপের পাস ধরে মাঝমাঠ থেকে ড্রিবল করে এগিয়ে যান প্রতিপক্ষের রক্ষণে। পরে ডি-বক্সে ঢোকার মুখে বাম পায়ের শটে বল জালে জড়ান। এই গোলের সুবাদে পেলের সমান ৭৫৭ গোল হয়ে যায় মেসির। পরে ম্যাচের ৭৬ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন মেসি এবং ছাড়িয়ে যান পেলেকে।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে ৬৭২, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮০ এবং নতুন ঠিকানা প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ৬ গোল করে পেলের ৭৫৭ গোলের রেকর্ড ভাঙলেন মেসি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে জোড়া গোলের সুবাদে মেসির পেশাদার ক্যারিয়ারে গোল এখন ৭৫৮টি। তার সামনে রয়েছেন শুধুমাত্র ৮০১ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো।
এসএস/এসকে




