
রীতিমতো হাপিত্যেস অবস্থা। তীরে এসে এই বুঝি তরী ডুবল ডুবল। পয়েন্ট তালিকার তলানির দিকে যখন দল, তখন রীতিমতো ভয়ে জবুথবু বার্সা। যদিও শেষ হাসিটা হেসেছে জাভি হার্নান্দেজের শিষ্যরাই।
দলের পারফরম্যান্স যেমনই হোক, ম্যাচে কোচ জাভি হার্নান্দেজের মুখে হাসি ফুটিয়েছেন ১৭ বছরের তরুণ গাভি। ৩-২ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোলটি গাভি করেন। যেটি ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের ক্লাবের হয়ে করা প্রথম গোল। গাভির নজর কাড়া সেই গোলে পেছনে ফেলেছেন লিওনেল মেসির মতো ক্লাব কিংবদন্তিকে।
মেসি ১৭ বছর ৩৩১ দিন বয়সে বার্সার হয়ে নিজের প্রথম গোলটি করেছিলেন। আর গাভি করলেন ১৭ বছর ১৩৫ দিন বয়সেই। ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন গাভি। তার ওপরে আছেন কেবল আনসু ফাতি (১৬ বছর ৩০৪ দিন) এবং বোজান (১৭ বছর ৫৩ দিন)।
এসএস/টিআই




