
স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অবস্থায় শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে জরুরি বৈঠক হচ্ছে।
দুপুর ১২টার পর একে একে বিসিবি ভবনে আসছেন বোর্ড কর্তারা। পৌনে ১টা নাগাদ হাজির হয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। জানা গেছে, এই সভায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়েও আলোচনা হবে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে কোয়ারেন্টিনে জটিলতায় পড়েছে সফরকারীরা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়ে অনুশীলন নেমেছিলেন। তবে আবার শুনতে হয়েছে দুঃসংবাদ। ২১ ডিসেম্বর পর্যন্ত আবার বন্দি জীবন কাটাতে হবে তাদের।
এর সঙ্গে যোগ হয়েছে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস আক্রান্তের খবর। হোটেল থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে কোভিড সেন্টারে। সব মিলিয়ে কিউই সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আজকের সভায় বোর্ড পরিচালকদের নিয়ে করণীয় ঠিক হবে বলে জানা গেছে।
নিউজিল্যান্ডের অনভ্যস্ত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই দেশ ছাড়ে টাইগাররা। সেখানে কোয়ারেন্টিন শেষে লাল বলে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে, যা মাঠে গড়াবে ২২ ও ২৩ ডিসেম্বর এবং ২৮ ও ২৯ ডিসেম্বর। এরপর ১ জানুয়ারি ও ৯ জানুয়ারি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি)।
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ায় সফরকারীদের অনুশীলন বন্ধ করে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের সরকার।
এসএস/এসকে




