
আপাতত নিউজিল্যান্ড-বাংলাদেশের সিরিজ বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
পাপন জানিয়েছেন, শারীরিক ও মানসিক চাপের কারণে চলে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা, তবে সিরিজ শেষ না করে দলকে দেশে ফিরিয়ে আনতে চায় না বোর্ড। তিনি বলেন, আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। আসলে এটার কোনো সুযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।
পাপন জানান, ২১ তারিখের পর আবার কোয়ারেন্টিনে বৃদ্ধি করলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে সিরিজ বাতিলের শঙ্কা উড়িয়ে দিয়েছেন পাপন।
পাপন আরও বলেন, গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।
এসএস/এসকে




