
ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সর্বনিম্ন রান ছিল ৬০। ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই লজ্জায় পড়েছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও দুইবার ৬৮ ও ৭১ রানে অল-আউট হয়েছিল বাংলাদেশ।
যদিও টাইগ্রেসদের এমন কম রানের পরিস্থিতি আর সৃষ্টি হয়নি। আজ বিশ্বকাপে মঞ্চে সেই সর্বনিম্ন রানের লজ্জায় পড়তে যাচ্ছিল টাইগ্রেসরা। ভারতের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে নিগার সুলতানার দল। শেষ পর্যন্ত সালমা খাতুন ও লতা মণ্ডলের ব্যাটে সর্বনিম্ন রানের সেই স্কোর পেরোয় বাংলাদেশ।
দলকে লজ্জার হাত থেকে রক্ষা করে বিদায় নিয়েছেন সালমা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের দেওয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৬ উইকেটে ৭৮ রান।
এর আগে টসে জিতে শুরুতে ব্যাটিং করে ৭ উইকেটে ২২৯ রান তোলে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ১৯ রান ছাড়া টপ-অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হয়।
৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে সালমা ও লতা মণ্ডল ৪০ রানের জুটি গড়েন। সালমা ৩৫ বলে ৪ চারে ৩২ রান করে আউট হন। সালমা ফিরলেও লতা ১২ রান অপরাজিত আছেন। তার সঙ্গে মাঠে আছেন বল হাতে ৩ উইকেট পাওয়া রিতু মণি।




