
ম্যাচ শেষ, তবু রয়ে যায় রেশ। বৃহস্পতিবার বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ১৫তম আসরে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা। মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের খেলোয়াড়-কর্মকর্তা এমনকি সাবেক ক্রিকেটারদের মধ্যে চলে কথার লড়াই।
অবশ্য কথার লড়াই ছাপিয়ে ম্যাচ কেড়ে নেয় সব আলো। বাংলাদেশকে কাঁদিয়ে বাড়ির পথ ধরিয়ে দেওয়ার পরও থেমে নেই লঙ্কান খেলোয়াড়দের কথার খোঁচা। দলের অন্যতম অফস্পিন বোলার মাহেশ থেকশানা ম্যাচ শেষে একটা খোঁচাই দিলেন বলা যায়।
ম্যাচের আগে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, শ্রীলঙ্কা দলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর মানের কোনো বোলার নেই। এমনকি লঙ্কান দলে কোনো মানের বোলারও নেই বলেন সুজন।
তার আগে লঙ্কান অধিনায়ক মন্তব্য করেন, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। দলে সাকিব, মোস্তাফিজ ছাড়া বিশ্বমানের কোনো বোলার নেই।
খেলা শেষে অফস্পিনার মাহেশ থেকশানা টুইট করেছেন, ‘যখন তোমার ১১টা ভাই থাকবে, দলে তখন বিশ্বমানের খেলোয়াড়ের প্রয়োজন নেই।’
শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রান করেও ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ক্যাচ মিস, রিভিউ না নেওয়া, অতিরিক্ত রান দেওয়ার কারণেই বড় সংগ্রহ করেও হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে।




