
রশিদ খানের ছবি দেখে চোখ কপালে উঠতেই পারে। রশিদের গায়ে কেন ভারতের জার্সি! খেলছে তো আফগানিস্তান-পাকিস্তান। সুপার ফোরে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছে আফগানরা।
পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালের দৌড়ে টিকে থাকবে আফগানিস্তান। আর হারলে ছিটকে পড়তে হবে রশিদ-নবিদের। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে ভারতের ভাগ্যও।
গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে ওঠা ভারত প্রথম ম্যাচেই পরাস্ত হয় চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের কাছে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষণ গুনছে বাড়ির পথ ধরার।
তবে ভারতকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখতে পারে কেবল আফগানিস্তান। আজ আফগানরা পাকিস্তানের বিপক্ষে জয় পেলে অস্তিত্ব বেঁচে থাকবে ভারতের। সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানকে যদি ভারত বড় ব্যবধানে হারিয়ে দেয় আর শ্রীলঙ্কার কাছে পাকিস্তান বড় ব্যবধানে হেরে যায়, তবেই কেবল ফাইনালে উঠতে পারবে ভারত।
এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট নিউজ পোর্টাল রশিদ খানের একটি ছবি পোস্ট করেছে ভারতীয় জার্সি পরা। ছবির সঙ্গে তারা লিখেছে,
‘আজকে ভারতীয় সমর্থকরা রশিদ খানকে যেভাবে দেখছে। আফগানিস্তান আজকে জিতে গেলে বেঁচে থাকবে ভারত।’




