
বাংলাদেশের ব্রিজ খেলায় সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার হোটেল দ্য সুলতানে অনুষ্ঠিত এশিয়া কাপ ব্রিজ চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের বাংলাদেশ। পুরুষদের পেয়ার্স ইভেন্টের সিনিয়র পেয়ার্স ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন ব্রিগেডিয়ার আজিজুল হক (অব.) এবং ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসাইন খোকন জুটি।
এই জুটি পুরুষদের পেয়ার্স ইভেন্টের সিনিয়র পেয়ার্স ইভেন্টে ১১ দেশের ১৪ পেয়ার্সের মধ্যে ৬১২.৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ৫৯১.৬ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছেন চাইনিজ তাইপের চিং লিয়াং উ এবং চিয়েন-আই কু জুটি এবং ৫৫৬.৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন হংকংয়ের কোয়াং চেন ও ওয়েই-সু চেন জুটি।

উল্লেখ্য, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ইন্দোনেশিয়ান কন্ট্রাক্ট ব্রিজ অ্যাসোসিয়েশন (আইসিবিএ) দ্বারা আয়োজিত হয়েছিল গত ১৯ অক্টোবর। ছয় দিনব্যাপী আয়োজিত এই আসরে পুরুষদের টিম ইভেন্টের সিনিয়র ক্যাটাগরিতে (বয়স ৬০+) ১২ দলের মধ্যে ষষ্ঠ এবং ওপেন ক্যাটাগরিতে ১০ দলের মধ্যে দশম হয়েছে বাংলাদেশ।




