
বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে আচমকা এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে বসেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যেখানে পিয়ার্স মরগানের সঙ্গে আলোচনায় তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, দলটির কোচ এবং সাবেক সতীর্থ ওয়েইন রুনি নিয়ে বিস্ফোরক তথ্য দেন রোনালদো।
পরবর্তীতে যা নিয়ে ক্লাবপাড়ায় এবং ফুটবলাঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এমনকি পর্তুগাল দলে রোনালদোর সতীর্থ ব্রুনো ফার্নান্দেজের সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটছে এমন আলোচনার সৃষ্টি হয়। রেড ডেভিলের এই দুই সতীর্থ জাতীয় দলের ক্যাম্পে এসে করমর্দনের সময় কিছুটা বিব্রতকর ছিলেন বলেও গুঞ্জন উঠেছিল।
তবে রোনালদোকে নিয়ে জাতীয় দলে কারও মধ্যেই কোনো অস্বস্তি নেই বলেই জানিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস। তিনি কাতারে গণমাধ্যমে কথা বলার সময় জানিয়েছেন, অনুশীলনে বেশ স্বতঃস্ফূর্ত আছেন রোনালদো। এই তারকা ফুটবলারের কারণে দলের মধ্যেও কোনো দুশ্চিন্তা নেই বলেই জানিয়েছেন নেভেস। পর্তুগাল দল হিসেবে এক হয়ে খেলতে পারলে রোনালদো সবার কাছে অনুকরণীয় হতে পারেন বলে জানিয়েছেন নেভেস।
এই পর্তুগিজ মিডফিল্ডারের ভাষ্যে, ‘আমি অনুশীলনের চিত্র থেকে বলতে পারি, তিনি দারুণ দর্শনীয় অবস্থায় আছেন। তার কারণে দলের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। দল হিসেবে আমরা জানি, আমাদের গেমডেতে কী করা উচিত। ব্যক্তিগত দায়িত্বও আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা দল হিসেবে ভালো খেলতে পারি, তবে রোনালদো সবার কাছে অনুকরণীয় হয়েই থাকবেন।’
এ ছাড়াও নেভেস আরও জানিয়েছেন, ব্রুনোর সঙ্গে কোনো প্রকার বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়নি রোনালদোর। নেভেস জানিয়েছেন, করমর্দনের ওই সময় দুইজনই হয়তো কিছু নিয়ে ভাবছিলেন বলে এমন সমালোচনার সৃষ্টি হয়েছে।
আগামী ২৪ নভেম্বর ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে ব্ল্যাক স্টারস খ্যাত ঘানার মুখোমুখি হবে পর্তুগাল। একই গ্রুপে এই দুই দলের সঙ্গে আরও আছে উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া।




