
ভারতের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে আছে বাংলাদেশও। প্রথম পাওয়ারপ্লের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ওপেনার নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাক এবং আনামুল হক বিজয় অল্প রানের মধ্যে বিদায় নিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১১ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৩১ রান করেছে। মাঠে আছেন অধিনায়ক লিটন দাস এবং সাকিব আল হাসান।
মিরপুরে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসান এবং এবাদত হোসেনের তাণ্ডবে মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় ভারত। সাকিব শিকার করেন ৫ উইকেট। এবাদত ঝুলিতে তোলেন ৪টি উইকেট।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই শান্তকে হারিয়ে বসে বাংলাদেশ। দীপক চাহারের বলে স্লিপে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে লিটন এবং বিজয় ধীরস্থির ক্রিকেট খেলতে থাকেন।
দুইজনে ২৬ রান যোগ করতেই ফেরেন বিজয়। ১৪ রানের বেশি করতে পারেননি তিনি। আউট হওয়ার আগে একবার জীবনও পেয়েছেন বিজয়। সেবার রিভিউয়ের কল্যাণে আম্পায়ার আউট দেওয়া সত্ত্বেও বেঁচে যান বিজয়।




