
টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং কোচ হিসেবে বেশ নজর কেড়েছেন জুলিয়ান রস উড। বিশ্বজুড়ে উডের বেশ জনপ্রিয়তাও রয়েছে। এবার প্রধান কোচ হিসেবে তাকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
উডের প্রধান কোচ হওয়ার বিষয়টি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে।
পোস্টে তারা জানিয়েছে, জুলিয়ান রস উড। যাকে বলা হয়, পাওয়ার হিটিংয়ের পথিকৃৎ। মূলত, ক্রিকেটের সঙ্গে বেস বলের হিটিং মেথডের সমন্বয় এনেই পাওয়ার হিটিংয়ের কৌশল বের করেছেন উড। পাওয়ার হিটিং নিয়ে এর মধ্যে কাজ করেছেন অস্ট্রেলিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে। ব্রিটিশ এই পাওয়ার হিটিং কোচ এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার ফ্যামিলিতে। চ্যালেঞ্জার্সের হেড কোচ এই ব্রিটিশ পাওয়ার হিটার স্পেশালিষ্ট। ওয়েলকাম জুলিয়ান উড।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
সরাসরি চুক্তি : আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), আশান প্রিয়াঞ্জন (শ্রীলঙ্কা)।
ড্রাফট : মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও'দাউদ, উন্মুখ চাঁদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।




