
ব্রাজিল মানেই সাম্বার ছন্দ। মাঠে দাপুটে ফুটবল নৈপুণ্য দেখাচ্ছে সেলেসাওরা। আর সঙ্গে আছে বাহারি নাচে গোল উদযাপন। ফুটবল বিশ্বমঞ্চের এবারের আসরে প্রায় ১০ রকমের নাচের কথা জানিয়েছিলেন ব্রাজিলের একাধিক তরুণ ফুটবলার।
ম্যাচের প্রতিটি গোলের পরই নেচে গোল উদযাপন করছেন নেইমাররা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলের পর নাচলেন ব্রাজিলিয়ান কোচ তিতেও। তবে বিষয়টি সহজভাবে নেননি কিছু কিংবদন্তি ফুটবলার। এ নিয়ে মুখ খুলেছেন সাবেক আইরিশ ফুটবলার রয় কিন। কিনের মতে, এটি প্রতিপক্ষ দলের জন্য অসম্মানজনক।
কিন বলেন, প্রতিটা গোলের পর এভাবে উদযাপন প্রতিপক্ষের জন্য অপমানজনক। একটা গোলে ঠিক আছে, তবে প্রতি গোলের পর না। আবার কোচও সেখানে যোগ দিলেন, এটা ভালো লাগেনি।
কিনের এমন সমালোচনার জবাব দিয়েছেন সেলেসাওদের কোচ তিতে। কোরিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে জবাব দিয়েছেন তিনি।
তিতে বলেছেন, দলের জন্য আনন্দ, পারফরম্যান্স কেবল খুশি ছাড়া আর কিছুই না। প্রতিপক্ষসহ তাদের কোচ পাওলো বেন্তোকে আমি সম্মান করি।
নিজের নাচ করা প্রসঙ্গে তিতে বলেন, ছেলেরা তরুণ, আমি চেষ্টা করি তাদের সঙ্গে একাত্ম হতে। আমাদের ফুটবলের চরিত্র ও মানিসকতার সঙ্গে যায় ওই নাচ।




