
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের অন্তিমলগ্নে এসে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বকাপে সোনালি ট্রফি উঁচিয়ে ধরার শেষ সুযোগ পাচ্ছেন ৩৭ বছর বয়সী এই তারকা। এর আগে চারটা বিশ্বকাপে খেলেও না পারার হতাশা এবার কাটানোর সুযোগ এখনও অটুট রয়েছে। মরুর বুকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডকে ৬-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে তার দেশ পর্তুগাল।
এই জয়ে অধরা বিশ্বকাপ জয়ের একটু কাছাকাছি পৌঁছালেন। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকারদের প্রতিপক্ষ মরক্কো। যারা আবার শেষ ষোলোয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পরাজয়ের মুখ না দেখা দল মরক্কো। আরব ঐতিহ্যের আফ্রিকার দেশটির বিপক্ষে আগামী ১০ ডিসেম্বর দোহার আল থুমামা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফার্নান্দো সান্তোসের দল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি আফ্রিকান সিংহরা। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করার পর হারিয়েছে টুর্নামেন্টের ফেভারিটের তালিকায় থাকা বেলজিয়াম ও কানাডাকে। এজন্য তাদেরকে এবারের বিশ্বকাপের ডার্ক হর্সও বলা হচ্ছে।
আরও পড়ুন: টাইব্রেকারে স্পেনকে কাঁদিয়ে মরক্কোর ইতিহাস
অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে পর্তুগাল। এরপর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-০ গোলে হারায় তারা। তবুও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে পর্তুগিজরা।
এর আগে দুইবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল মরক্কো ও পর্তুগাল। সেই ১৯৮৬ সালের বিশ্বকাপে পর্তুগালকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল আরব ঐতিহ্যের দেশটি। আর সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল ১-০ ব্যবধানে হারায় মরক্কোকে। তাই কোয়ার্টার ফাইনালে দারুণ এক উপভোগ্য ম্যাচের অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে রেকর্ডবুকে রামোস




