
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ যুব দলের হয়ে উপরেই ব্যাটিং করতেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে মিরাজকে অনেকে বোলিং অলরাউন্ডার হিসেবে ধরে নিয়েছিলেন। কিন্তু সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে মিরাজের ব্যাটে ভর করেই রোমাঞ্চকর জয়ের দেখা পেয়েছে লিটন দাসের দল। যে কারণে ওই দুই ম্যাচেই হয়েছিলেন ম্যাচসেরা। আজ চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেলেও ২-১ এ সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। ফলস্বরূপ অনুমেয়ভাবে মিরাজের হাতেই গেছে সিরিজ সেরার পুরস্কার।
সিরিজ সেরা পুরস্কার নেওয়ার সময় টাইগার এই অলরাউন্ডার জানিয়েছেন, ‘প্রতিটি ফরম্যাটেই ভারত ভালো। গত কয়েক বছরে আমরাও ভালো করছি। সামনে বিশ্বকাপ আছে এবং আশা করি আগামী বছর আমরা ভালো করতে পারব।’
বাংলাদেশ বরাবরই ওয়ানডে ফরম্যাটে বেশ ধারাবাহিক। ফলে আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে চোখ রাখছেন এই তারকা। এমনকি সেই বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন মিরাজ।
মিরাজ আরও বলেন, ‘আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার রয়েছেন। তারা আমাদের সমর্থন করছে। আমরা আত্মবিশ্বাস অর্জন করি। আমরা আরো ভাল খেলতে চাই। আমি সবসময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করি।’
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট আগামী ২২ ডিসেম্বর মাঠে গড়াবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে।




