
বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রতিবছর ফুটবল মাঠে পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে থাকে সংস্থাটি, যা আবার ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড নামেও পরিচিত।
এবার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার প্রদানের তারিখ প্রকাশ করলো ফিফা। যা আগামী ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জুরিখ শহরে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুরস্কার প্রদান করা হবে।
ফিফা মোট ১১টি ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার প্রদান করবে। যার জন্য আগামী ১২ জানুয়ারি, ২০২৩ থেকে ফিফার ওয়েবসাইটে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিজয়ী বাছাইয়ে ভোটিং কার্যক্রম শুরু হবে।
২০২২ সালের বর্ষসেরা পুরস্কারের জন্য গত ৮ আগস্ট ২০২১ থেকে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ফুটবলার ও কোচদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। যেখানে সেরা ফুটবল সমর্থকের পুরস্কারও দেওয়া হবে একটি দেশের হাতে।
গতবছর ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছিলেন পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কি এবং নারী ক্যাটাগরিতে অ্যালেক্সিয়া পুতেয়াস।
উল্লেখ্য, ২০১৭ সালে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত ব্যালন ডি’অর থেকে আলাদা হয়ে যায় ফিফা। এরপর থেকে প্রতিবছর ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ঘোষণা করে আসছে ফিফা।




