
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপ শুরুর উদ্বোধনী ম্যাচ থেকেই ম্যাচের ভাগ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করে আসছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ। এই ভার্চ্যুয়াল জ্যোতিষী মূলত বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, একাদশ, ইনজুরি সমস্যা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে।
তার ধারাবাহিকতায় এবার প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়া-আর্জেন্টিনার ম্যাচেরও ভবিষ্যদ্বাণী করেছে রোবটটি। যেখানে ক্রোয়েশিয়ার চেয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে রোবট কাশেফ। তার ভবিষ্যদ্বাণী বলছে, আজকের ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১ শতাংশ, আর ক্রোয়েশিয়ার ৩৯ শতাংশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় ক্রোয়েশিয়াকে মোকাবিলায় মাঠে নামবে আর্জেন্টিনা।
আল-জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৬০ ম্যাচের প্রতিটিতেই ভবিষ্যদ্বাণী করেছে। যেখানে তার ভবিষ্যদ্বাণী মিলেছে ৬৭ শতাংশ।
এর আগে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যে মেসিদের এগিয়ে রেখেছিল কাশেফ। কাশেফের ভবিষ্যদ্বাণী অনুযায়ী আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ, আর নেদারল্যান্ডসের সম্ভাবনা ৪৮ শতাংশ। হাড্ডাহাড্ডি সে লড়াইয়ের টাইব্রেকারে জিতেছিল আলবিসেলেস্তেরা।
তবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার লড়াইয়ে ব্রাজিলকে এগিয়ে রেখেছিল কাশেফ। কিন্তু ৭০ শতাংশ এগিয়ে রাখা ব্রাজিল সে ম্যাচে হেরেছিল টাইব্রেকারে। ফলে আশা রাখতে পারেন ক্রোয়াট সমর্থকরাও।
আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। যেখানে দুদলের জয়ই দুটি করে। একটি ম্যাচ ড্র হয়েছে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের সবশেষ দেখায় ৩-০ গোলে জিতেছিল ইউরোপের দেশটি। পাঁচবারের দেখায় দুদলের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে ক্রোয়াটরা। তাদের ৬ গোলের বিপরীতে আলবিসেলেস্তেদের গোল ৫টি।




