
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সৌদি আরবের বিপক্ষে প্রথন ম্যাচে খেলতে নেমেই পঞ্চমবারের মতো বিশ্বকাপে মাঠে নামার রেকর্ড গড়েছেন তিনি। আর আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে ছুঁয়ে ফেললেন আরেকটি রেকর্ড।
জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউস বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ২৫ ম্যাচ খেলেছিলেন। জার্মান সাবেক এই ফুটবলার ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ২৫টি ম্যাচে খেলেছিলেন। যা ২৪ বছর ধরে রেকর্ডের পাতায় একক অবস্থানে ছিল।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের প্রথম সেমিফাইনালে খেলতে নেমেই ম্যাথাউসের এই রেকর্ডের পাশে নিজের নাম লেখালেন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক মেসি।
রেকর্ড সাতবারের ব্যালন ডি'অরজয়ী এই ফরোয়ার্ড ২০০৬ থেকে চলতি কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছেন। যদিও আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে ফাইনালে কিংবা হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেকর্ডটা একান্তই নিজের করে নেওয়ার সুযোগ থাকছে মেসির সামনে।
বিশ্বকাপে ম্যাচে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সামনে থাকলেও পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে মেসির পাশে রয়েছেন আরও পাঁচজন—মেক্সিকোর আন্তনিও কারবাহাল, রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ারদাদো, জার্মানির লোথার ম্যাথাউস ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।
এই তালিকায় ইতালির জিয়ানলুইজি বুফন ও মেক্সিকোর গিয়ের্মো ওচোয়ার নামটাও যোগ করা যেতে পারে। তবে তারা দুজনে পাঁচটি বিশ্বকাপে দলের সঙ্গে থাকলেও সব বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পাননি।




