
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার সময় হাতে চোট পান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরিতে পড়া সত্ত্বেও ম্যাচটিতে দলের জন্য মাঠে নেমেছিলেন ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক। সেই চোটে পড়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত।
কেবল তাই নয়, টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন এই ক্রিকেটার। যদিও ধারণা করা হচ্ছিল বাংলাদেশের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন রোহিত। এই ক্রিকেটার সেই চোট থেকে দ্রুত সেরেও উঠছেন। কিন্ত বিপদ এড়াতে ঢাকার দ্বিতীয় টেস্টেও দেখা যাবে না এই ক্রিকেটারকে।
রোহিতকে সুস্থ করার লক্ষ্যে ইতোমধ্যে মুম্বাই পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে রোহিতের সঙ্গে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন ভারতের ফাস্ট বোলার নবদীপ সাইনিও। অ্যাবডোমিনাল মাসলে টান পড়ায় ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন এই ফাস্ট বোলার। এই ক্রিকেটারকে দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী চিকিৎসার জন্য।
আগামী ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত দুই দল মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নামবে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হেরে ১-০ তে পিছিয়ে আছে। টেস্ট সিরিজে পিছিয়ে থাকলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা।
দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, শ্রীকর ভারত, অভিমন্যু ইশ্বরন, শ্রেয়াস আইয়ার, কুলদীপ যাদব, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, চেতেশ্বর পূজারা, সৌরভ কুমার, শুভমান গিল, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, জয়দেব উনাদকাত।




