
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগব্যাশ লিগে ইংলিশ পেসার ডেভিড উইলির বদলি হিসেবে সিডনি থান্ডারে খেলার সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলহক ফারুকি। চলমান আসরে থান্ডারের হয়ে চার ম্যাচের একাদশে বল হাতে দলের আস্থার প্রতিদানও দেন তিনি। কিন্তু শৃঙ্খলাভঙ্গের কারণে ২২ বছর বয়সী আফগান এই পেসারের সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্লাবটি।
সিডনি থান্ডার এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ফারুকি একটি ঘটনা ঘটিয়েছেন, যার জন্য তার বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছে ক্লাব। অভিযোগটি তদন্তের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। তদন্তে ফারুকি দোষী সাব্যস্ত হওয়ার কারণে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।
শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে ফারুকির সঙ্গে চুক্তি বাতিল করলেও ঠিক কি দোষ করেছেন, তা জানাতে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে যে ঘটনা ঘটেছে, তাতে পুলিশি তদন্তের প্রয়োজন হয়নি বলে নিশ্চিত করেছে সিএ।
নিউ সাউথ ওয়েলস সিইও লি জার্মন বলেছেন, 'ফারুকি যে আচরণ করেছেন, তা আমাদের মূল্যবোধের সঙ্গে মানানসই নয়। তাই তার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের এখন এই ঘটনার প্রভাব পড়াদের পাশে থাকতে হবে।'
এবারের বিবিএলে এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র ১টি জয়ের দেখা পেয়েছে সিডনি থান্ডার। তবে বল হাতে ৫.৮১ গড়ে ৫ উইকেট নিয়েছিলেন ফারুকি।




