
আল আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ২৭তম জাতীয় যুব হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ও রাজশাহী। উভয় দল দশ বছর আগের আসরেও ফাইনালে মুখোমুখি হয়েছিল।
আগামী মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে বিকেএসপির বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।
এবার ৫৭টি দল নিয়ে মোট ৯টি ভেন্যুতে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ১৮টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা ঢাকায় অনুষ্ঠিত হয়। সেখান থেকে দল দুটি ফাইনালের টিকিট পায়। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটোরকে ৫-০ গোলে পরাজিত করেছে দিনাজপুর।




