
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হয়েছে লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের নতুন আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে সাজানো ইন্ডিয়ান মহারাজাসকে ৯ রানে হারিয়ে আসরে শুভসূচনা করেছে এশিয়ান লায়ন্স।
শুক্রবার (১০ মার্চ) রাতে দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এশিয়ান লায়ন্সের অধিনায়ক শহিদ আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় তারা।
ব্যাটিংয়ে উপুল থারাঙ্গা ৩৯ বলে দুই ছক্কায় ৪০ আর মিসবাহ-উল-হক ৫০ বলে দুই বাউন্ডারি ও চার ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন। এর আগে তিলকারত্নে দিলশান ৫, আসঘর আফগান ১, আফ্রিদি ১২, আবদুল রাজ্জাক ৬ রান করে আউট হন।
বোলিংয়ে ইন্ডিয়ান মহারাজাসের হয়ে স্টুয়ার্ট বিন্নি ও পারভিন্দর আওয়ানা প্রত্যেকে ২টি করে উইকেট পান। এছাড়া ইরফান পাঠান ও অশোক দিন্দার শিকার একটি করে।
রান তাড়া করতে নেমে গৌতম গম্ভীর ৩৯ বলে ৫৪, মুরালি বিজয় ১৯ বলে ২৫, মোহাম্মদ কাইফ ২০ বলে ২২, ইউসুফ পাঠান ১০ বলে ১৪ আর ইরফান পাঠান ১০ বলে করেন ১৯ রান। তবুও ৮ উইকেটে ১৫৬ রানেই থেমে যায় ইন্ডিয়ান মহারাজাস ইনিংস।
বোলিংয়ে এশিয়ানদের হয়ে সোহেল তানভীর ২৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া ইসুরু উদানা, দিলশান, থিসারা পেরেরা ও আব্দুল রাজ্জাক নেন একটি করে উইকেট।
ম্যাচে এশিয়া লায়ন্সের হয়ে একাদশে ছিলেন পাকিস্তান এবং শ্রীলঙ্কার চারজন করে ক্রিকেটার। একজন করে ছিলেন বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপালের।
বাংলাদেশ থেকে একাদশে সুযোগ পান সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। তবে ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সুযোগ পাননি তিনি। ম্যাচে শুধু ফিল্ডিংই করানো হয়েছে রাজ্জাককে।




