
চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার দাভিদ দে হেয়া দুই ম্যাচ হাতে থাকতেই জিতলেন সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন ৩২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
এখন পর্যন্ত এবারের মৌসুমে সর্বোচ্চ ১৬ ম্যাচে জাল অক্ষত রেখেছেন দে হেয়া। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার ক্লিন শিট রেখেছেন ১৪ ম্যাচে। আর নিউক্যাসল ইউনাইটেডের নিক পোপ ও আর্সেনালের অ্যারন র্যামসডেল ১৩টি করে ম্যাচে জাল অক্ষত রেখেছেন।
শনিবার (২০ মে) ভিটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে লিভারপুল। আসরে লিভারপুলের আর একটি ম্যাচ বাকি আছে। তাই আলিসনের পক্ষে আর দে হেয়াকে ছোঁয়া সম্ভব না হওয়ায় এই পুরস্কার জিতলেন দে হেয়া।
এর আগে ২০১৭-১৮ মৌসুমে চেলসি গোলকিপার থিবো কোর্তোয়া ও টটেনহামের হুগো লরিসকে টপকে প্রথমবার ইপিএলে সেরা গোলরক্ষকের পুরস্কার পান দে হেয়া। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতলেন তিনি।
উল্লেখ্য, এবার লিগে সেরা চারে থেকে লিগ শেষ করার চেষ্টায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা। বাকি দুই ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট পেলেই এরিক টেন হ্যাগের দলের সেরা চারে থাকা নিশ্চিত হবে। তাহলেই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে রেড ডেভিলসরা।




