
দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এজন্য বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। জামাল ভূঁইয়াদের দেওয়া সেই প্রতিশ্রুতি রেখেছেন দেশের ফুটবলের প্রধান কর্তা।
রোববার (৯ জুলাই) দুপুরে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন সাফ স্কোয়াডে থাকা ২৩ খেলোয়াড়কে দেড় লাখ টাকা করে প্রদান করেছেন। ৩৪ জনের কন্টিনজেন্টের বাকি সদস্যরাও পেয়েছেন দেড় লাখ টাকা করে। তবে ৩ ফুটবলারকে আলাদাভাবে বিশেষ বোনাস দিয়েছেন সালাউদ্দিন।
সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো। এছাড়া দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নতুন ফুটবলার শেখ মোরসালিন। তাদের ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা করে বাড়তি অর্থ পুরস্কার দিয়েছেন সালাউদ্দিন। এছাড়া সাফে চার ম্যাচের ধারাবাহিকতা দেখানো ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে পাঁচ লাখ টাকা পুরষ্কৃত করেছেন তিনি।
বিশ্বনাথের মাঠে খেলার মুগ্ধতার পাশাপাশি টিম স্পিরিটের প্রশংসা করেছেন সালাউদ্দিন, ‘বিশ্বনাথ নিজেই ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে জিতলে সে পাঁচ লাখ টাকা দিবে। এটা স্পিরিটের অংশ। এ রকম খেলোয়াড়ই আমার দরকার। তাকেও আমার পক্ষ থেকে সামান্য অর্থ পুরস্কার।’
বাফুফের আর্থিক সীমাবদ্ধতা যেমন রয়েছে, সংকট রয়েছে এর ব্যবস্থাপনা নিয়েও। বাফুফে সভাপতি আর্থিক বোনাস প্রদান সম্পর্কে বলেন, ‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এর চেয়ে বেশি ডিজার্ভ করো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই বেশি দিতাম।’
উল্লেখ্য, এবারের সাফের টুর্নামেন্টে ২০০৯ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ দল। তবে অতিথি দল কুয়েতের কাছে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে বিদায় নেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে রাকিব-তারিক কাজীদের খেলার ধরণে মুগ্ধতা ছড়িয়েছিল বেশ।




