
আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংঝুতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এশিয়ান গেমসের আসর। অবশ্য তার আগেই বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা শুরু হয়ে যাবে। এশিয়ান গেমসে অংশ নিতে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে সবার আগে চীনে যাবে পুরুষ ফুটবল দল। বাকি অ্যাথলেটরা ধাপে ধাপে যাবে হ্যাংঝুতে।
মার্চপাস্টে এশিয়ান গেমসের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহন করবেন দুই ক্রীড়াবিদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্র জানিয়েছে, মেয়েদের মধ্যে লাল-সবুজের পতাকা বহন করবেন ফুটবলার সাবিনা খাতুন। আর ছেলেদের মধ্যে তালিকায় আছেন দুজন, দাবাড়ু নিয়াজ মোর্শেদ এবং শুটার শাকিল আহমেদ।
উদ্বোধনীতে সাবিনার সঙ্গে এ দুজনের একজনের হাতে দেখা যাবে বাংলাদেশে পতাকা। আজ (১০ সেপ্টেম্বর) এশিয়াডে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরার কথা বিওএর কর্তাদের। তখনই জানা যাবে, আসরের ওপেনিং এবং সমাপনীতে কারা পতাকা বহন করবেন।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এতে দেশে ক্রীড়াঙ্গনে বিরাট এক সম্মান বয়ে এনেছিল তারা। সেই দলের অধিনায়ক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাবিনা খাতুন।




