
বিশ্বকাপে একপেশে লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের ৫০ ও মোহাম্মদ রিজওয়ান করেন ৪৯ রানের পরও ৪২ দশমিক ৫ ওভারে মাত্র ১৯১ রানেই অল-আউট হয়ে যায় পাকিস্তান।
জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার টর্নেডো ইনিংসের পর শ্রেয়াস আইয়ারের অপরাজিত ফিফটিতে ১১৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় ম্যান ইন ব্লুজরা। এতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বমঞ্চে ৮ বারের দেখায় শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখেছে তারা।
এদিন বড় বড় ছক্কার হাঁকান রোহিত। তবে ভিন্ন এক কারণে আলাদাভাবে নজর কেড়েছেন এই ওপেনার। ম্যাচ চলাকালীন অনফিল্ড আম্পায়ার মারাজ ইরাসমাসকে হাতের পেশি প্রদর্শন করতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে।
মূলত ম্যাচ চলাকালীন এক ছক্কা হাঁকিয়ে আম্পায়ারকে হাতের পেশি দেখান রোহিত। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় বিষয়টির ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
ভিডিও বার্তায় হার্দিক পান্ডিয়ার কাছে রোহিতের ভাষ্য, আম্পায়ার আমাকে জিজ্ঞেস করছিল ছক্কা হাঁকানোর সঙ্গে আমার ব্যাটের কোনো সম্পর্ক আছে কি না। আমি তাকে বলি ব্যাট নয়, আমার শক্তিই এখানে মূল বিষয়।
এদিকে ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০-এর বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এখন রোহিতের। এই রেকর্ড গড়তে তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং পাকিস্তানের শহিদ আফ্রিদিকে পেছনে ফেলেছেন।
ভারতের অধিনায়কের মন্তব্য, গত দুই বছর ধরেই আমি এভাবে ব্যাট করতে চাচ্ছিলাম। উইকেটও ভালো ছিল শট খেলার জন্য। আমি জানি, আমি শতক হাতছাড়া করেছি।




