
ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। এই জয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার বড় কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে রশিদ-নবিরা।
রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮৪ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে রশিদ-নবি-মুজিবদের স্পিন বিষে ৪০ দশমিক ৩ ওভারে ২১৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
আফগানদের কাছে এই পরাজয়ের সঙ্গে এমন এক লজ্জার রেকর্ড গড়েছে ইংল্যান্ড, যা বিশ্বের অন্য কোনো দলের নেই। বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে টেস্ট খেলুড়ে ১১ দলের কাছেই হারের লজ্জা পেয়েছে ইংরেজরা।
এই ম্যাচে হারের কাছে বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দশ দলের কাছে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানদের কাছে হেরে ষোলকলা পূর্ণ হলো জস বাটলারদের।
এক নজরে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে টেস্ট খেলুড়ে দলগুলোর কাছে ইংল্যান্ডের প্রথম হার :
১৯৭৫ সালে - অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হার
১৯৭৯ সালে - ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯২ রানে হার
১৯৮৩ সালে - নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে এবং ভারতের কাছে ৬ উইকেটে হার
১৯৮৭ সালে - পাকিস্তানের কাছে ১৮ রানে হার
১৯৯২ সালে - জিম্বাবুয়ের কাছে ৯ রানে হার
১৯৯৬ সালে - দক্ষিণ আফ্রিকার কাছে ৭৮ রানে এবং শ্রীলংকার কাছে ৫ উইকেটে হার
২০১১ সালে- আয়ারল্যান্ডের কাছে ৩ উইকেটে এবং বাংলাদেশের কাছে ২ উইকেটে হার
২০২৩ সালে- আফগানিস্তানের কাছে ৬৯ রানে হার




