স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন ভারতে অবস্থান করছে। অন্যদিকে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে বাংলাদেশ ইমার্জিং দল। লঙ্কা সফরে গিয়ে প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল সবুজের দল। কিন্তু সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজও খোয়াল মাহমুদুল হাসান জয়রা।
রোববার (২২ অক্টোবর) ডাম্বুলায় টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৪৭ ওভারে গুটিয়ে যাওয়ার আগে স্কোরবোর্ডে ২২৩ রান তুলে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ বলে ৭৯ রান করেন শাহাদাত হোসেন দিপু।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। ওয়ান ডাউনে নামা পাভান রত্নায়াকে ৫৬ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সিরিজ জয়ে বড় অবদাস্ন রাখেন।
২২৪ রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। দলীয় ১ রানের মাথায় ডাক মেরে (৩ বলে ০) আউট হন ওপেনার সোহান ডি লিভেরা। এরপর বলের সাথে প্রতিযোগিতা করে রান তোলার চেষ্টা করেন আরেক ওপেনার শেভন দানিয়েল। ২৫ বলে ২৭ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন রিপন মণ্ডল।
এরপর লঙ্কানদের হাল ধরেন পবন রাথনায়েক ও নভোদ পারানাভিথানা। ৫৬ বলে ৮৫ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন পবন। রিশাহ হোসাইনের বলে রিপন মণ্ডলের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন এই মারকুটে ব্যাটার।
পবনের সমান সংখ্যক বল খেলে ৪৭ রান নিয়ে আউট হয়ে যান নভোদ। রিপন মণ্ডলের বলে প্রিতম কুমারের হাতে ধরা পড়েন তিনি। এরপর ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলেন অধিনায়ক আহান বিক্রমাসিংহে। শেষ পর্যন্ত ১১২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় লঙ্কানরা।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন রিপন মণ্ডল। এছাড়া ২টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসাইন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। বিনা উইকেটে দলীয় ফিফটি রানের মাইলফলক পার করে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও প্রিতম কুমার। দলীয় ৫৭ রানের মাথায় প্রেমারত্নের বলে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন (৩৪ বলে ৩২)।
আরেক ওপেনার প্রিতম উইকেটে থিতু হয়ে বসে থাকলেও ইনিংস বড় করতে পারেননি। ৫১ বলে ৩৫ রান করে বিজয়কান্তের বলে আউট হয়ে যান তিনি। এরপর দলের দায়িত্বভার কাঁধে নেন অধিনায়ক মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসাইন।
জয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হয়ে গেলেও শাহাদাত হোসেন খেলেন দুর্দান্ত একটি ইনিংস। দলের হয়ে একমাত্র ফিফটি করেন এই ব্যাটার। ইনিংসের ৪৬তম ওভারে বিক্রমাসিংহের বলে দানিয়ালের হাতে ধরা পড়েন তিনি। তার আগেই ৭৫ বল থেকে তুলে নেন ৭৯ রান।
শাহাদাত হোসেনের ফিরে যাওয়ার পর লোয়ার অর্ডারের ব্যাটাররা কাণ্ডজ্ঞানহীন ব্যাট করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ফলে তিন ওভার বাকি থাকতেই ২২৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন চামিন্দু বিক্রমাসিংহে ও আশিয়ান দানিয়েল। ২টি করে উইকেট তুলে নিয়েছেন নিপুণ প্রেমারত্নে ও বিজয়কান্ত বিশ্বকান্ত।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৯৯ রান হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২১ রানের জয় নিয়ে সমতায় ফেরেন মাহমুদুল হাসানের দল। তৃতীয় ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো ইমার্জিং টাইগাররা।




