
আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
শুক্রবার (১০ নভেম্বর) অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করেছেন রাচিন। তার সঙ্গে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছিলেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তবে তাদের ছাড়িয়ে মাসসেরার পুরস্কার পেলেন রবীন্দ্র।
চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন রাচিন। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ১১৬ রানের ইনিংস। এতে বাকি দুই মনোনীত ক্রিকেটারের চেয়ে এগিয়ে ছিলেন তিনি।
মাসসেরা পুরস্কার পেয়ে রাচিনের ভাষ্য, পুরস্কারটি জিততে পেরে আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। মাসটি নিজের এবং দলের জন্য দারুণ ছিল। ভারতের মতো জায়গায় বিশ্বকাপ খেলতে পারাটা অন্যরকম এক অনুভূতি কাজ করে।
কিউইদের হয়ে বিশ্বকাপে প্রথম ৬ ম্যাচে ৮১ দশমিক ২০ গড়ে ৪০৬ রান করেছেন রাচিন।
রাচিন যোগ করেন, দল আমাকে সাপোর্ট দিয়েছে। বিশেষ করে যখন আপনি মাঠে গিয়ে মন খুলে খেলতে পারেন, সেটা সত্যিই অনেক সাহায্য করে। সবচেয়ে ভালো লাগার ব্যাপার, উইকেট খুবই ভালো ছিল ব্যাটিংয়ের জন্য।




