
চলতি ওয়ানডে বিশ্বকাপে প্রথম সেমিফাইনালের আগমুহূর্তে মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের বিপক্ষে পিচ বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইসিসির কাছে মেইল করে অভিযোগ জানিয়েছিলেন আইসিসির পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের পিচ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
বুধবার (১৫ নভেম্বর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ নম্বর পিচে হওয়ার কথা ছিল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে এখন ম্যাচ হচ্ছে ৬ নম্বর পিচে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ নম্বর পিচে কোনো ম্যাচ খেলা হয়নি। নক-আউট পর্বের জন্যই মূলত তৈরি করা হয়েছিল এটি। ৬ নম্বর পিচে হয়েছে দুটি ম্যাচ। এই বিতর্কে নিয়ে এবার মুখ খুলল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ।
আইসিসির মতে, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। এতে সমস্যার কিছু নেই। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা দেখা গেছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে। পিচ বদল হলে যে সেই পিচে খেলা ভালো হবে না তার কোনো কারণ নেই।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘কোনো পিচে খেলা হবে সেই পিচ বেছে নেওয়া ও তারপর তা তৈরি করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সংস্থা ও সেই সংস্থার পিচ প্রস্তুতকারকের। এ ক্ষেত্রে সেই দায়িত্ব মুম্বাই ক্রিকেট সংস্থার।’
আইসিসির নীতিমালায় কোথাও উল্লেখ নেই, নক-আউট ম্যাচের জন্য অব্যবহৃত পিচই ব্যবহার করতে হবে। পিচ ও আউটফিল্ডের ব্যাপারে সম্ভাব্য সেরা পিচ ও আউট ফিল্ড ব্যবহারের কথাই বলা আছে। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে দুটি সেমিফাইনাল ম্যাচই হয়েছে অব্যবহৃত পিচে। তবে গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার টুর্নামেন্টে আগে ব্যবহৃত পিচেই খেলা হয় শেষ চারের দুটি ম্যাচ।
এর আগে মেইল অনলাইন এক প্রতিবেদনে জানায়, ‘আইসিসির পিচ কনসালটেন্ট অ্যান্ডি অ্যাটকিনসনের সঙ্গে বিসিসিআই একটি সম্মতিতে পৌঁছেছিল যে– ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের জন্য আজ অব্যবহৃত একটি পিচ দেওয়া হবে। কিন্তু সেই পিচের পরিবর্তে ইতোমধ্যে চলতি টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া ২২ গজকে বেছে নেওয়া হয়েছে।’
সেমিফাইনালের উইকেট পাল্টানোয় ফাইনালেও একই কাজ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনে। দাবি করা হয়েছে, সেমিফাইনাল জিতে ভারত ফাইনালে উঠতে পারলে ‘তারা একই কাজ করবে।’ অর্থাৎ রোহিত শর্মার দল ফাইনালে উঠলে উইকেট পাল্টানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছেন ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সংবাদকর্মী, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ।
আগামী রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। এই মাঠে লিগ পর্বে অনুষ্ঠিত চার ম্যাচের তিনটিতে ভিন্ন ভিন্ন উইকেটে খেলা হয়েছে। এমনকি আজকের ম্যাচের জন্য মুম্বাইয়ের ৬ নম্বর পিচ ব্যবহারের বিষয়ে ভারতীয় বোর্ড ও আইসিসি হোয়াটস্যাপে মেসেজ আদান-প্রদান করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।




