
পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানের ক্রিকেটে। কয়েকদিন আগেই ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে দ্য গ্রিন ম্যানদের অধিনায়কত্ব পেয়েছেন শান মাসুদ। এ ছাড়া প্রধান নির্বাচক হিসেবে ওয়াহাব রিয়াজ দায়িত্ব নিয়েছেন। দুজনের সামনেই এবার প্রথম মিশন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ। আসন্ন এই সিরিজের জন্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
এই দলে বেশ কিছু চমক রয়েছে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি ব্যাটার সাইম আইয়ুব। কায়েদ-ই-আজম ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। করাচি হোয়াইটসের হয়ে ৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫৫৩ রান। এর মধ্যে তিনটি সেঞ্চুরিও রয়েছে।
প্রথমবার ডাক পেয়েছেন ডানহাতি পেসার খুররাম শেখজাদও। কায়েদ-ই-আজম ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ৮ ম্যাচে বল হাতে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া পাকিস্তান কাপে বল হাতে আগুন ঝরিয়ে নিয়েছিলেন ১৩ উইকেট।
দলে ফিরেছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। গত বছর সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিনি। মীর হামজাও দলে ফিরেছেন। কায়েদ-ই-আজম ট্রফিতে তার শিকার ৩২ উইকেট।
পাকিস্তান স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।




