
আগের চার ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্টরা। নাপোলির বিপক্ষে ম্যাচটি নানান রোমাঞ্চের জন্ম দিয়েছে, তবে শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।
অন্যদিকে এই পরাজয়ে নাপোলিকে আপাতত টেবিলের দ্বিতীয়স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। শেষ ম্যাচে স্পোর্টিং ব্রাগার বিপক্ষে ফলের ওপর তাদের পরের রাউন্ডে যাওয়া নির্ভর করছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে গিওভান্নি সিমিওনের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল নাপোলি। তবে দ্রুত দুই গোল করে ম্যাচের চেহারা পাল্টে দেন রদ্রিগো ও জুড বেলিংহাম।
বিরতির ঠিক পরে নাপোলির হয়ে সমতা ফেরান আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অনগুইসা। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। তরুণ নিকোলাস পাজ ম্যাচের ৮৪তম মিনিটে মাদ্রিদের জয় নিশ্চিত করেন। স্টপেজ টাইমে জয়ের ব্যবধান বাড়িয়েছেন জোসেলু।




