
দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন সৌম্য সরকার। এরপরও গেল সেপ্টেম্বরে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন এই ওপেনার।
এর আগে, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আচমকাই স্কোয়াডে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। সে সময়ে দুই ম্যাচ খেলে ব্যর্থ হয়ে আবারও দল থেকে বাদ পড়েন এই ওপেনার। এরপর থেকে লাল-সবুজের জার্সিতে একপ্রকার অনিয়মিতই বাঁ-হাতি এই ব্যাটার। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি এবং ওয়ানডে স্কোয়াডে তাকে দলে ফেরানো হয়েছে।
ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন সৌম্য। তবে সেই ম্যাচে ডাক উপহার দেন তিনি। তাই তাকে দলে ভেড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সৌম্যকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (১ ডিসেম্বর) কিউই সফরের দল নিয়ে কথা বলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময়ে সৌম্যকে দলে নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।
সুমনের ভাষ্য, এবার মাহমুদউল্লাহ নেই-সাকিব আল হাসান নেই; অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কম। এই সফর আমাদের জন্য সবসময়ই একটু কঠিন। ওদের মাটিতে আমাদের ধুঁকতে হয়। এ কারণে নতুন কারো পরিবর্তে আমরা চেয়েছি অভিজ্ঞ কাউকে খেলাতে, যেহেতু সৌম্য আগে সেখানে খেলেছে।
বাশার যোগ করেন, ওর (সৌম্য) অলরাউন্ড সামর্থ্য আছে। এই ভাবনা থেকেই দলে নেওয়া হয়েছে। আর এবার প্রথম শ্রেণির ক্রিকেটে খুব ভালো পারফর্ম যে করেছে, তা নয়। তবে ৪৮ গড় খুব খারাপ না, যদিও ওর কাছ থেকে আমরা আরও বেশি আশা করি।




