
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে বাংলাদেশের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ের সামনে সফরকারী নিউজিল্যান্ড। সম্মান রক্ষার লড়াইয়ে বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু সকাল সাড়ে ৯টায়।
সিলেট টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ডানহাতি স্পিনার। ঘরের মাঠে প্রথমবারের মতো কিউইদের হারাতে প্রথম ইনিংসে ৭৩ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ২ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ঢাকা টেস্টেও তার দিকে তাকিয়ে টাইগার ভক্তরা।
ঢাকা টেস্টের আগে বাড়তি অনুশীলন সেরেছে কিউইরা। এদিকে ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেয়েছেন টাইগার স্পিনার নাঈম হাসান।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) লাল-সবুজদের জন্য মিরপুর থেকে দুঃসংবাদ ভেসে এসেছে। ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন নাঈম।
দিনের শুরুতেই বোলিং করেন তিনি। এরপর ব্যাটিং করতে নেটে ঢুকেছিলেন। সেখানে থ্রো-ডাউন খেলার সময়ে বল তার আঙুলে আঘাত করে। এরপর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ড্রেসিংরুমে চলে যান নাঈম। তবে চোটের জন্যে বুধবার ঢাকা টেস্টে তার খেলা হবে কিনা, তা এখনও জানা যায়নি।
মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে জানান, সে (নাঈম) জাতীয় লিগের সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে । ম্যাচে আমরা তা দেখেছি। সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।




