
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বুধবার (৬ ডিসেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। এবার কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় টেস্টে লাল-সবুজের একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে একাদশ সাজানো নিয়ে হাথুরু জানিয়েছিলেন, আপনি নিশ্চয়ই কন্ডিশন দেখে কম্বিনেশন সাজাবেন। প্রতিপক্ষ কী করছে, আপনার সীমাবদ্ধতা কোথায়— এসব টেকটিক্যাল। আফগানিস্তানের বিপক্ষে এখানে সর্বশেষ যে টেস্ট হয়েছে, তখন পিচ অন্যরকম ছিল। উইকেট প্রস্তুত করার জন্য অনেক সময় পাওয়া গিয়েছিল। ৩ পেসার নিয়ে খেলা হয়েছিল প্রতিপক্ষের কথা মাথায় রেখে। আমাদের এখন যে স্কিল আছে সে অনুযায়ী খেলব। আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে কম্বিনেশন সাজাতে পারি, এটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া।
লঙ্কান এই কোচ যোগ করেছিলেন, বার্তাটা একই রকম থাকবে। আমাদের যা কিছু আছে, তা নিয়েই সামনে এগোতে হবে। নিজেদের শক্তির জায়গা বুঝে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করতে হবে প্রতিটি সেশনে। এই দলটা অভিজ্ঞতার দিক থেকে তরুণ, কিন্তু স্কিলের দিক থেকে তারা খুব ভালো। তাদের স্বাধীনতা নিয়ে খেলতে দেওয়া হয়েছে যেভাবে তারা এনসিএলে খেলে।
মঙ্গলবার দলীয় অনুশীলনে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন স্পিনার নাঈম হাসান। দিনের শুরুতেই বোলিং করেন তিনি। এরপর ব্যাটিং করতে নেটে ঢুকেছিলেন। সেখানে থ্রো-ডাউন খেলার সময়ে বল তার আঙুলে আঘাত করে। এরপর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ড্রেসিংরুমে চলে যান নাঈম। তবে চোটের জন্যে বুধবার ঢাকা টেস্টে তার খেলা হবে কিনা, তা এখনও জানা যায়নি।
এর আগে সিলেট টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ডানহাতি এই স্পিনার। ঘরের মাঠে প্রথমবারের মতো কিউইদের হারাতে প্রথম ইনিংসে ৭৩ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ২ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ঢাকা টেস্টেও তার দিকে তাকিয়ে টাইগার ভক্তরা।
কিন্তু ঢাকা টেস্টে শেষ পর্যন্ত নাঈম খেলতে না পারলে, তা দলের চিন্তা বাড়াবে। সেই হিসেবে একাদশে এক পরিবর্তনের সম্ভাবনা আছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মুরাদ, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।




