
ঢাকা টেস্টের প্রথম দিনে আকাশে মেঘ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে, সেদিন প্রায় পুরো দিনই খেলা হয়েছিল। শেষ বিকেলে এসে আলোক স্বল্পতায় কয়েক ওভার কম খেলা হলেও বৃষ্টি হানা দেয়নি। কিন্তু দ্বিতীয় দিনে এসে মিরপুরে খেলেছে শুধুই বৃষ্টি। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দিনের খেলা। তাই ক্ষতি পুষিয়ে নিতে নির্ধারিত সময় থেকে তৃতীয় দিনের খেলার সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে।
এর আগে, বুধবার (৬ ডিসেম্বর) আলোকস্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ের আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। যে কারণে ১১ ওভার কম খেলা হয়েছে। সে কারণে দ্বিতীয় দিনে খেলার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। কিন্তু এদিন বৃষ্টির কারণে খেলাই হয়নি।
ঢাকা টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অল্প রানে গুটিয়ে যাওয়া টাইগাররা বল হাতে দাপট দেখায়। অল্প পুঁজি নিয়ে মিরপুরে স্পিন দিয়ে পাল্টা আক্রমণ স্বাগতিকদের। মিরাজ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে কিউই ব্যাটাররা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৫ রান। মিরাজ ৩টি ও তাইজুল পেয়েছেন দুই উইকেট। বাংলাদেশের চেয়ে এখনও সফরকারীরা ১১৭ রানে পিছিয়ে আছে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটের ৯টিই ভাগাভাগি করে নিয়েছেন কিউই তিন স্পিনার মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও এজাজ প্যাটেল।




