
মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স। এরপর কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললেও প্রোটিয়া দলে আর ফেরেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর বছর পাঁচেক পর এবার অবসর নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য সামনে আনলেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত এই ব্যাটসম্যান।
২০১৮ সালের মে-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডি ভিলিয়ার্স অবসর নিয়েছিলেন। এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যান আরও বছর তিনেক। আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার। তাই ২০১৯ বিশ্বকাপে ডি ভিলিয়ার্সকে খেলাতে চেয়েছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। যদিও তাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো যায়নি। আইপিএল থেকেও সরে দাঁড়ান ২০২১ সালের পর।
অন্তত নিজের অবসর নিয়ে যা বলেছেন ডি ভিলিয়ার্স, তা শুনলে বিস্মিত হতে পারেন তাঁর ভক্তরা। উইজডেন ক্রিকেট মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানান, ক্যারিয়ারের শেষ দুই বছর মূলত এক চোখের দৃষ্টি দিয়েই খেলা চালিয়ে গেছেন তিনি। কেননা তার এক চোখের রেটিনা ছিঁড়ে গিয়েছিল। যাতে করে তার দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে। তাই দ্রুত অবসর নেন এই কিংবদন্তি।
ডি ভিলিয়ার্স বলেন, ‘দুর্ঘটনাবশতই আমার ছোট ছেলে আমার চোখে লাথি মারে। এরপর থেকেই ক্রমশ ডান চোখের দৃষ্টিশক্তি হারাতে থাকি। যখন আমি অস্ত্রোপচার করাই, ডাক্তার অবাক হয়ে আমার কাছে জানতে চান, কীভাবে এই চোখ নিয়ে আমি ক্রিকেট খেলি। সৌভাগ্যক্রমে ক্যারিয়ারের শেষ দুই বছর আমার বাম চোখ অসাধারণ কাজ করে।’
দুর্দান্ত এক ক্যারিয়ার এবি ডি ভিলিয়ার্সের। ১১৪ টেস্টে ৫০.৬৬ গড়ে করেন ৮৭৬৫ রান। ওয়ানডেতে ২১৮ ইনিংসে ব্যাট করে ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান করেন। টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে করেন ১৬৭২ রান। তিন ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে তার সেঞ্চুরি সংখ্যা ৪৮টি ও হাফ সেঞ্চুরি ১০৯টি।




